প্রকাশিত: / বার পড়া হয়েছে
ফেনীর দাগনভূঞা উপজেলার ২নং রাজাপুর ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ কার্যক্রমের ওপর ৩ মাসের নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) হাইকোর্টের এই আদেশের কপি ও একটি অবহিতকরণ পত্র দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে।
আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফেনী জেলা যুবদলের সাবেক সহ-সম্পাদক ইসমাইল হোসেন সবুজের দায়ের করা এক রিট পিটিশনের (নং- ১০২৯৭/২০২৬) পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন গত ৪ নভেম্বর এই আদেশ দেন। আদেশে আগামী ৩ মাসের জন্য রাজাপুর ইউনিয়ন বোর্ড অফিস নির্মাণের টেন্ডার ও যাবতীয় কার্যক্রম স্থগিত রাখার পাশাপাশি রুল জারি করা হয়েছে। এর আগে গত ২৮ অক্টোবর স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকেও এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নির্মাণ কার্যক্রম স্থগিত করা হয়েছিল।
বৃহস্পতিবার রিটকারী ইসমাইল হোসেন সবুজ স্বাক্ষরিত একটি অবহিতকরণ দরখাস্তসহ আদালতের আদেশের কপি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া হয়।
এ বিষয়ে রিটকারী ইসমাইল হোসেন সবুজ বলেন, “আমার দায়েরকৃত রিট পিটিশনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ডিভিশন ২নং রাজাপুর ইউনিয়ন বোর্ড অফিস নির্মাণের টেন্ডার ও সব ধরনের কাজ পরবর্তী ৩ মাসের জন্য বন্ধ রাখার আদেশ দিয়েছেন। আজ আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মহামান্য হাইকোর্টের সেই আদেশ ও অবহিতকরণ পত্র হস্তান্তর করেছি, যাতে আদালতের নির্দেশনা অনুযায়ী সব কার্যক্রম দ্রুত স্থগিত করা হয়।”
এ ব্যাপারে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ই উএনও) শাহীদুল ইসলাম আদেশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, “হাইকোর্টের আদেশের কপি ও একটি অবহিতকরণ দরখাস্ত হাতে পেয়েছি। আদালতের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ভবন নির্মাণের সকল কার্যক্রম বন্ধ থাকবে।”