প্রকাশিত: / বার পড়া হয়েছে
ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের খুশিপুর গ্রামে এক কৃষকের গোয়ালঘর থেকে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। সোমবার (৩ আগস্ট) ভোরে বিষয়টি টের পান পরিবারের সদস্যরা। এ ঘটনায় প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী মোহাম্মদ হোসেন।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে কোনো একসময় চোরের দল বাড়িতে প্রবেশ করে গোয়ালঘর থেকে পাঁচটি গরু নিয়ে যায়। যাওয়ার সময় চোরেরা বসতঘরের দরজা বাইরে থেকে আটকে দেয়। এতে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন।
ভোরে ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা দরজা খুলতে গিয়ে দেখতে পান, সেটি বাইরে থেকে আটকানো। পরে তারা আশপাশের লোকজনকে ডাকলে স্থানীয়রা এসে দরজা খুলে দেন। বাইরে বের হয়ে পরিবারের সদস্যরা গোয়ালঘরের দরজা খোলা দেখতে পান। পরে ভেতরে গিয়ে দেখেন, গোয়ালে থাকা পাঁচটি গরুই নেই।
প্রবাস থেকে দেশে ফিরে কৃষিকাজের পাশাপাশি গরু পালন করে জীবিকা নির্বাহ করছিলেন মোহাম্মদ হোসেন। একসঙ্গে পাঁচটি গরু চুরি হয়ে যাওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি চুরি যাওয়া গরুগুলো উদ্ধারের দাবি জানিয়েছেন।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে চোরদের শনাক্ত এবং চুরি যাওয়া গরু উদ্ধারের চেষ্টা চলছে।