প্রকাশিত: / বার পড়া হয়েছে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুরে নিলামে ক্রয়কৃত গাছ কাটার একটি ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এক সাংবাদিকের বিরুদ্ধে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী যুবদল নেতা প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সিরাজপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও ৯নং ওয়ার্ড শাহজাদপুর গ্রামের মৃত সোলাইমান মাস্টারের ছেলে শহীদ উল্যাহ শহীদ নিলাম প্রক্রিয়ার মাধ্যমে মোট ১৫টি গাছ ক্রয় করেন।
যুবদল নেতা শহীদ উল্যাহ শহীদ জানান, নিলামে কেনা একটি বড় কড়ই গাছের ঢাল কাটতে গিয়ে অসাবধানতাবশত একটি মেহগনী গাছের ঢাল ভেঙে যায় এবং পরবর্তীতে শ্রমিকের ভুলবশত গাছটি কাটা পড়ে। বিষয়টি তাৎক্ষণিকভাবে ইউনিয়ন পরিষদের প্রশাসককে অবহিত করে কাটা গাছটি অফিসে ফেরত পাঠানো হয় এবং গাছের উপযুক্ত ক্ষতিপূরণ পরিশোধ করা হয়।
তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর ইনকিলাব পত্রিকার প্রতিনিধি এহসানুল আলম খসরু সংবাদ প্রকাশ না করার শর্তে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ইনকিলাব অনলাইনে তার বিরুদ্ধে মনগড়া তথ্য প্রচার করে মানহানি করা হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে প্রশাসনিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে যথাযথ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। পাশাপাশি বিষয়টি নিয়ে নোয়াখালী জেলা প্রশাসক ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও তিনি জানান। স্থানীয় সাংবাদিকের বাড়ি একই এলাকায় হওয়ায় ব্যক্তিগত আক্রোশ থেকে এমন অপপ্রচার চালানো হচ্ছে বলে তার দাবি।
এ বিষয়ে সিরাজপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আজগর হোসেন জানান, শহীদ উল্যাহ নিলামের মাধ্যমে মোট ১৫টি গাছ ক্রয় করেছেন।
এদিকে অভিযুক্ত সাংবাদিকের মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।